জাতীয়

মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তি

ঢাকা,১৮ নভেম্বর-প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।

স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আটটি ইউনিটের সম্মিলিত চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language