এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স চায় ইসি

ঢাকা,১৮ নভেম্বর-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন। এ জন্য কঠোর অবস্থান নিতে চায় কমিশন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, এনআইডি নিয়ে দোষারোপের রাজনীতিতে না থেকে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
এ সময় এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন সিইসি।
অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, যার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, অসততা ও প্রতারণার কারণে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







