জাতীয়

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে অনুমোদন

সরকারি কর্মচারী মেডিকেল কলেজ

ঢাকা,১৮ নভেম্বর-দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের পাশে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বর্তমানে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। হাসপাতালটির এক কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদনের পর মেডিকেল কলেজ স্থাপনের পরবর্তী প্রশাসনিক ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হবে।

প্রাথমিকভাবে সরকারি কর্মচারী হাসপাতালেই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই মেডিকেল কলেজ চালু হলে দেশে সরকারি চিকিৎসাশিক্ষার সুযোগ আরও বাড়বে। বর্তমানে বাংলাদেশে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language