বলিউড

দুই যুগ পর পর্দায় ফিরছেন কারিনা-হৃতিক!

মুম্বাই, ১৭ নভেম্বর – বলিউডের সোনালী দিনের কিছু অনবদ্য অনস্ক্রিন জুটি আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী জুটি হলো কারিনা কাপুর খান এবং হৃতিক রোশন। সর্বশেষ ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমায় একসঙ্গে বড় পর্দায় দেখা মিলেছিল এই জুটির। দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পর সেই আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন তারা। আর এই জাদুকরী প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

বহু প্রতীক্ষিত এই পুনর্মিলনের প্রথম ঝলক বা টিজার প্রকাশ্যে এনেছেন স্বয়ং নির্মাতা করণ জোহর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরেও শেষ হয় না…’।

করণ জোহরের শেয়ার করা সেই টিজারটি মুহূর্তেই ফিরিয়ে নিয়ে গেছে ২০০১ সালের কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর সুবর্ণ দিনে। ভিডিওর শুরুতে চিরচেনা সেই স্টাইলে ঠোঁটে লিপগ্লস লাগাতে দেখা যায় ‘পু’ অর্থাৎ কারিনাকে। অন্যদিকে কালো লেদার জ্যাকেটে হাজির হন ‘রোহন’ ওরফে হৃতিক। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে আইকনিক ট্র্যাক ‘ইউ আর মাই সনিয়া’। যদিও নির্মাতারা দুজনের সম্পূর্ণ লুক বা চেহারার পুরো প্রকাশ এখনো রহস্যের আড়ালেই রেখেছেন, তবে টিজারের শেষ প্রান্তে ১৯ নভেম্বর তারিখটি উল্লেখ করে বড় কোনো চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার বার্তা। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর এই জুটিকে আবার একসঙ্গে দেখার আনন্দে আত্মহারা ভক্তরা। চলচ্চিত্র নির্মাতা ও তারকারাও এই পোস্টের নিচে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই একে বছরের সেরা কোলাবরেশন আখ্যা দিয়েছেন।

তবে এটি কোনো নতুন সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপন বা ব্র্যান্ড কোলাবরেশনের টিজার—এমন আভাস পেয়ে সামান্য আক্ষেপও ঝরে পড়েছে অনেক ভক্তের কমেন্টে। বহু নেটিজেন ও তারকার মন্তব্য—বিজ্ঞাপনের পরিবর্তে বড় পর্দায় এই জুটিকে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্রে দেখতে চান তারা।

যাইহোক, বিজ্ঞাপন হোক কিংবা অন্য কিছু—নস্টালজিয়ার পারদ চড়াতে যে কারিনা ও হৃতিক জুটি পুরোপুরি সফল, তা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এই টিজারটিই প্রমাণ করে দেয়। এখন কেবল আগামী ১৯ নভেম্বরের অপেক্ষা, যেদিন পর্দা উন্মোচন হবে এই চমকপ্রদ প্রজেক্টের।

এনএন/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language