জাতীয়

মজুরি বোর্ডের স্থগিত সভার দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর

বিজিএমইএ ও বিকেএমইএর

ঢাকা,১৬ নভেম্বর-মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার সংগঠন দুটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। নিম্নতম মজুরির প্রস্তাব উপস্থাপনের জন্য মালিকপক্ষও সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আজকের বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে।

মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার নির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুত নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করেছে মালিকপক্ষ। একই সঙ্গে অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language