উত্তর আমেরিকা

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, ইরানের অবকাঠামো ধ্বংসে তিন দিন লাগবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

ওয়াশিংটন, ১৬ নভেম্বর-সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করতে তাঁর মাত্র তিন দিন সময় লাগবে। তবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ইরানে নতুন করে হামলা না চালানোর জন্য তাঁকে অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন উপস্থাপক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বিগ্ন। কারণ, সংঘাত আরও ছড়িয়ে পড়লে এসব দেশও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইরানের অবকাঠামো ধ্বংস করার সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের (ইরানকে) ধ্বংস করতে চাই, তাহলে এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস হবে এবং এক দিনের মধ্যে উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। সব মিলিয়ে আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

সৌদি আরবের বিষয়ে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ জানিয়েছে, আপাতত পরিস্থিতি যেমন আছে, তেমনই থাকতে দিতে। কারণ, তারা ভেঙে পড়ছে।’

ট্রাম্প আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনও আপাতত অপেক্ষা করার পক্ষে। তাঁর দাবি, এসব দেশই তাঁকে ইরানে নতুন করে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে।

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রসঙ্গও উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন ট্রাম্প। বিশেষ করে সৌদি যুবরাজকে নিয়ে তাঁর আগের কিছু বক্তব্য আলোচনার জন্ম দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সৌদি আরব।

ইয়েমেনের হুথিদের হামলায় চাপে সৌদি আরব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চলের অপেক্ষাকৃত ছোট দেশগুলোর মতো ভয়াবহ ক্ষতির মুখে পড়েনি সৌদি আরব। ওই সময় পাল্টা হামলায় এসব দেশে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়েছে সৌদি আরব।

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান-সমর্থিত হুথিদের মধ্যে গ্রীষ্মকালে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে সেখানে আবারও সংঘর্ষ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। এসব হামলার কারণে দেশটির তেলনির্ভরতার বাইরে অন্যান্য অর্থনৈতিক খাতের উন্নয়ন তুলে ধরার জন্য আয়োজিত গুরুত্বপূর্ণ কয়েকটি সম্মেলন বাতিল করতে হয়েছে। পাশাপাশি জ্বালানি রপ্তানিতেও বিঘ্ন ঘটেছে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর ওপর যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও তাঁর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সপ্তাহে এসব দেশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ

সাক্ষাৎকারে উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এসব দেশ যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র যাদের সুরক্ষায় কাজ করছে, তারাও চান তিনি বর্তমান পদ্ধতিতেই এগিয়ে যান।

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশের বড় বিনিয়োগকারী। তারা আমাদের দেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে।’

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই ঐতিহাসিক চুক্তির সম্ভাব্য মূল্য ২৪ বিলিয়ন ডলার।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে হরমুজ প্রণালি অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতির ওপর চাপ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল বের হতে পারছে না, তা শুধু ইরানের তেল। তাঁর ভাষায়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ এতটাই ভয়াবহ যে প্রেসিডেন্ট মনে করছেন, বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language