ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৬ নভেম্বর-ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন রণতরীটি উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।
ইরানের সঙ্গে শান্তি আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার মধ্যেই রণতরী মোতায়েনের এই খবর সামনে এসেছে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পেছনে নতুন কোনো সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার খবর নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। সেখানে আগে থেকেই মোতায়েন থাকা আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে এটি যুক্ত হবে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
রোববার মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
এদিকে, রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় দুই মাসের বিরতির পর আবারও ইরানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা এখনো থমকে রয়েছে। এর আগে গত শুক্রবার বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন মাঝপথেই প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।
তবে ইউএসএস থিওডোর রুজভেল্ট ঠিক কবে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আর কোনো চুক্তির প্রয়োজন নেই।
তবে নতুন রণতরী মোতায়েনের খবরের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—ইসরায়েলি সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান বা মোতায়েনের ধরনে পরিবর্তন আনার খবরকেও ‘পুরোপুরি জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে তারা।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







