বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১ জানুয়ারি থেকে জার্মানির শিক্ষার্থী ভিসায় চালু হচ্ছে ডিজিটাল আবেদন ব্যবস্থা

ঢাকা,১৫ নভেম্বর-জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জার্মানি। এ কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে জার্মান দূতাবাস।
এর ফলে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ আরও বাড়বে, যা দুই দেশের জন্যই ইতিবাচক হবে।
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করতে শিগগিরই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে জার্মান দূতাবাস।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণের জন্য ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করা হবে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন ব্যবস্থায় আবেদনকারীরা বেশ কিছু সুবিধা পাবেন। সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করার সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে। ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও সহজেই জানতে পারবেন আবেদনকারীরা। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
নতুন এই ব্যবস্থার ফলে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে। যদিও প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় আলাদা হতে পারে, তবে নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে। এতে পুরো আবেদন প্রক্রিয়া আরও কার্যকর হবে।
অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে কী হবে?
অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে নতুন এই ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এই পরিবর্তনের অংশ হিসেবে আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবার আবেদন করতে হবে।
অর্থাৎ, যেসব শিক্ষার্থী আগে থেকেই পুরোনো অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।
আগের ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য এই পরিবর্তন সাময়িকভাবে কিছুটা অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এর ফলে আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে।
যেভাবে আবেদন করবেন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন। পোর্টালের লিংক: https://digital.diplo.de/
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







