উত্তর আমেরিকা

২০২৭ সালের নিরাপদ ভ্রমণ গন্তব্যের তালিকায় শীর্ষে কানাডা

কানাডা

অটোয়া,১৪ নভেম্বর-ভ্রমণকারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কানাডা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের প্রকাশিত ২০২৭ সালের বিশ্বের নিরাপদ ভ্রমণ গন্তব্যের বার্ষিক তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। গত ২৮ অক্টোবর প্রকাশিত এই তালিকায় গত বছরের পঞ্চম অবস্থান থেকে চার ধাপ এগিয়ে প্রথম স্থানে উঠে এসেছে কানাডা।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপদ ভ্রমণ গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা, সহিংস অপরাধ, সন্ত্রাসবাদ, স্বাস্থ্যসেবার মান, পরিবহন নিরাপত্তা এবং নারী ও জাতিগত সংখ্যালঘু ভ্রমণকারীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৭ সালের তালিকায় কানাডার পর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া, চতুর্থ আইসল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে জাপান। এ ছাড়া ষষ্ঠ স্থানে অস্ট্রিয়া, সপ্তম আয়ারল্যান্ড, অষ্টম নেদারল্যান্ডস, নবম ডেনমার্ক এবং দশম স্থানে রয়েছে পর্তুগাল।

প্রতিষ্ঠানটির মূল্যায়নে নারী ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভ্রমণকারীদের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে প্রথম স্থান অর্জন করেছে কানাডা। পাশাপাশি সহিংস অপরাধ ও সন্ত্রাসবাদ থেকে সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দেশটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে।

এই তালিকা তৈরির জন্য বিভিন্ন দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পর্যটকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বৈশ্বিক শান্তি সূচক, সমতা সূচক এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের তথ্যও বিবেচনায় রাখা হয়েছে।

কানাডায় অপরাধ, আবাসনসংকট ও জননিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ দেখা দিলেও আন্তর্জাতিক এই স্বীকৃতি দেশটির জন্য ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পর্যটন, আন্তর্জাতিক ভ্রমণ এবং বিদেশি পর্যটকদের কাছে কানাডার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এই স্বীকৃতি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language