ইউরোপ

ইমেইলে বোমা হামলার হুমকি: ইতালিতে খালি করা হলো ৩০০ স্কুল, স্কটল্যান্ড ও আয়ারপাতালেও আতঙ্ক

রোম, ১১ নভেম্বর – হঠাৎ করেই নিরাপত্তা শঙ্কায় কেঁপে উঠল ইউরোপের শিক্ষাঙ্গন। ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির পর ইতালির অন্তত ৩০০টি স্কুল দ্রুত খালি করেছে দেশটির কর্তৃপক্ষ। শুধু ইতালিই নয়, একই ধরনের হুমকিপত্র পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। ইউরোপজুড়ে সম্প্রতি ‘হাইব্রিড যুদ্ধ’ ও সাইবার হামলার ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই বোমা আতঙ্কের ঘটনা ঘটল।

‘বাস্তব ঝুঁকি নেই’, আতঙ্কিত না হওয়ার আহ্বান

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত তিনশ’ স্কুলে বোমা হামলার হুমকি ইমেইলে পাঠানো হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুমকির নেপথ্যকারীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন: “এর পেছনে কারা থাকতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তাদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইমেইলগুলোর ভাষা ও বক্তব্য দেখে মনে হয়েছে, এসব হুমকির বাস্তব কোনো ঝুঁকি বা ভিত্তি নেই।”

একই সুর শোনা গেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র কণ্ঠেও। স্কুলগুলোতে বড় ধরনের বিপদের কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকও ডেকেছেন প্রধানমন্ত্রী।

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধ’ ও নাশকতার শঙ্কা

বিশ্লেষকরা বলছেন, এই হুমকি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সম্প্রতি ইউরোপজুড়ে হাইব্রিড যুদ্ধের উদ্বেগ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর আগে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্র লক্ষ্য করে বেশ কিছু সাইবার হামলার ঘটনা ঘটেছিল। স্কুলগুলোতে এমন মেইল আসার পেছনে কোনো পরিকল্পিত নাশকতামূলক মানসিকতা বা আতঙ্ক ছড়ানোর চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ইউরোপীয় গোয়েন্দারা।

এনএন/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language