অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

ঢাকা, ১০ নভেম্বর – জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরুর প্রাক্কালে তুরস্কের আন্তালিয়ায় কূটনৈতিক অঙ্গনে বইছে নতুন বাতাস। তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার বিলাসবহুল ম্যাক্স রয়েল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়েছে।
তিন দিনের সরকারি সফরে এসে বিমানবন্দরে পৌঁছানোর পর পরই সরাসরি এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে অত্যন্ত গুরত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন:
- পররাষ্ট্র মন্ত্রী: খলিলুর রহমান
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১: হুমায়ুন কবির
এছাড়া সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তুরস্কে অবস্থান করছেন।
বৈঠকের মূল এজেন্ডা ও ভূ-রাজনীতি
কূটনৈতিক একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের শীর্ষ নেতাদের বৈঠকে বেশ কিছু অগ্রাধিকারমূলক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হচ্ছে:
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের ক্ষেত্র উন্মোচন এবং প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত কথা বলছেন দুই নেতা।
জলবায়ু ও অর্থায়ন: আসন্ন কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষতিপূরণ ও তহবিলের বৈশ্বিক লড়াইয়ে একযোগে কাজ করার বিষয়ে সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোহিঙ্গা সংকট: মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার মানবিক সহায়তার পাশাপাশি তাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ জোরদার করতে তুরস্কের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।
কপ-৩১ ও বাংলাদেশ প্রতিশ্রুতির চূড়ান্ত প্রস্তুতি
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তী সময় পার করে দায়িত্ব নেওয়া বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্ব হিসেবে বৈশ্বিক মঞ্চে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন, যা ঢাকা-আঙ্কারা সম্পর্ককে নতুন এক কৌশলগত উচ্চতায় উন্নীত করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এনএন/ ১০ নভেম্বর ২০২৬







