
২০২৫ সালের ২৩ আগস্ট। মেক্সিকোর সান লুইস পোতোসি অঙ্গরাজ্যের ছোট্ট শহর আক্সতলা দে তেরাসাসে সেদিন হাজার হাজার মানুষ ছুটছেন শহরের একটি স্টেডিয়ামের দিকে। কেউ এসেছেন পাশের শহর থেকে, কেউ দেশের দূরবর্তী অঞ্চল থেকে, এমনকি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকেও এসেছেন কয়েকজন। স্টেডিয়ামের ভেতরে দুটি মঞ্চ। একের পর এক সংগীতশিল্পীরা গান গাইছেন। আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ, টেলিভিশনের সাংবাদিকদের ভিড়, চারদিকে উৎসবের আমেজ। এত বড় আয়োজন কোনো বিখ্যাত শিল্পী কিংবা রাজনৈতিক নেতার জন্য নয়। আয়োজনের মধ্যমণি ১৫ বছর বয়সী এক কিশোরী। নাম ইসেলা আনাহি সান্তিয়াগো মোরালেস। তাঁর জন্মদিন উদ্যাপন করতে স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রায় দুই হাজার মানুষ!
গল্পটির শুরু ৯ জুলাই। মেক্সিকোর প্রায় ৩২ হাজার মানুষের শহর আক্সতলা দে তেরাসাস। সেখানকার একটি সাধারণ পরিবারের মেয়ে ইসেলা। বাবা রামোন সান্তিয়াগো ও মা স্থানীয়ভাবে আবর্জনা সংগ্রহের কাজ করেন। তাঁদের বসবাস টিনের ছাউনি দেওয়া কাঠের একটি ছোট্ট বাড়িতে। সংসারে সচ্ছলতা নেই। প্রতিদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। কিন্তু মেয়ের পনেরোতম জন্মদিনটি একটু আনন্দের সঙ্গে উদ্যাপন করার ইচ্ছা ছিল তাঁদের।
মেক্সিকো ও লাতিন আমেরিকার অনেক দেশে মেয়েদের পনেরোতম জন্মদিনের বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। পশ্চিমা বিশ্বের ‘সুইট সিক্সটিন’-এর মতোই লাতিন আমেরিকার এই উৎসবের নাম ‘কিনসেনিয়েরা’ (Quinceañera)। এটি কেবল জন্মদিনের অনুষ্ঠান নয়, শৈশব পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের প্রতীকী উদ্যাপন। অনেক পরিবার বছরের পর বছর টাকা জমিয়ে মেয়ের জন্য এই আয়োজন করে। সুন্দর পোশাক, সংগীত, নাচ, অতিথি আপ্যায়নসহ চলে নানা আনুষ্ঠানিকতা। কোনো কোনো পরিবারে আয়োজনটি বিয়ের অনুষ্ঠানের মতোই জমকালো হয়।
ইসেলার বাবা-মায়ের এত বড় আয়োজনের সামর্থ্য ছিল না। তবু সামান্য সঞ্চয় থেকে কিছু টাকা বের করেছিলেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বাড়িতে রান্নাবান্না হয়েছে, খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। ইসেলাও নিশ্চয়ই ভেবেছিল, পরিচিত মানুষদের সঙ্গে আনন্দ করেই কাটবে তাঁর বিশেষ দিনটি।
কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর দেখা গেল ভিন্ন চিত্র। অতিথিদের অধিকাংশই এলেন না। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, একজন বান্ধবী, পরিচিত কয়েকজন প্রতিবেশী এবং বাবার কর্মক্ষেত্রের একজন সহকর্মী। যাঁদের জন্য এত আয়োজন, তাঁদের অনুপস্থিতিতে উৎসবের আনন্দটাই যেন ম্লান হয়ে গেল।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ইসেলার বাবা-মা। অভাবের সংসারে কষ্ট করে মেয়ের জন্য আয়োজন করেছেন, অথচ অতিথিদের দেখা নেই। তার ওপর এত খাবার নষ্ট হওয়ার আশঙ্কা।
তখন বাবা রামোনের মাথায় একটি বুদ্ধি এল। খাবার যখন তৈরি হয়েই গেছে, তখন নষ্ট করে লাভ কী? ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়ে দিলেন, তাঁদের বাড়িতে প্রায় ৪০ জনের খাওয়ার মতো খাবার পড়ে আছে। কেউ চাইলে এসে খেতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট প্রতিদিন কতই না দেখা যায়। কিন্তু রামোনের সেই সাধারণ আহ্বান যে মেয়ের জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসবে, তা তিনি কল্পনাও করেননি।
পোস্টটি ছড়িয়ে পড়তে শুরু করল। স্থানীয় লোকজন জানতে পারলেন, এক দরিদ্র পরিবারের মেয়ে পনেরোতম জন্মদিনে বন্ধু ও পরিচিতজনদের অপেক্ষায় ছিলেন। কিন্তু আমন্ত্রিত অতিথিদের অধিকাংশই আসেননি। তাই তাঁর বাবা খাবার নষ্ট না করার জন্য অপরিচিত মানুষদেরও আমন্ত্রণ জানিয়েছেন। ঘটনাটি অনেকের মন ছুঁয়ে গেল।
প্রথমে এগিয়ে এলেন স্থানীয় এক আলোকচিত্রী। তিনি বিনা পারিশ্রমিকে ইসেলার ছবি তুলে দেওয়ার প্রস্তাব দিলেন। এরপর যোগাযোগ করলেন জেরোনিমো রোসালেস নামের একজন ডিজে ও অনুষ্ঠান আয়োজক। তিনি জানালেন, মেয়েটির জন্য সংগীতের আয়োজন করবেন।
রোসালেস এর আগেও বহু কিনসেনিয়েরা অনুষ্ঠানে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি জানতেন, এই বয়সের মেয়েরা জন্মদিনে সুন্দর পোশাক পরতে, গান শুনতে, নাচতে এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ করতে ভালোবাসে। ইসেলার অনুষ্ঠানে অতিথিদের অধিকাংশ না আসার খবর শুনে তাঁর মন খারাপ হয়েছিল। তাই তিনি কিছু একটা করতে চেয়েছিলেন।
আরও অনেকে এগিয়ে আসতে শুরু করলেন। কেউ পোশাকের ব্যবস্থা করতে চাইলেন, কেউ সাজসজ্জার, কেউ খাবারের। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মধ্যে যেন এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা সহযোগিতা করতে পারেন!
একসময় প্রস্তাব এল, ইসেলার জন্য আবার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হবে। এবার এমন আয়োজন, যাতে তাঁকে আর অতিথিদের অপেক্ষায় বসে থাকতে না হয়।
প্রথমে উদ্যোক্তারা ভেবেছিলেন, দেড় শ’ কিংবা দুই শ’ মানুষের জন্য কোনো একটি ছোট মিলনায়তনে অনুষ্ঠান করা যেতে পারে। কিন্তু খবর যত ছড়াতে লাগল, আগ্রহী মানুষের সংখ্যাও তত বাড়তে থাকল। আয়োজনের পরিধি একপর্যায়ে এমন জায়গায় পৌঁছাল যে ছোট মিলনায়তনে আর সংকুলান হওয়ার উপায় রইল না।
শেষ পর্যন্ত স্থানীয় পৌর প্রশাসন শহরের গারসাস ব্লাঙ্কাস স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিল। নির্ধারিত হলো ২৩ আগস্ট। অর্থাৎ প্রথম জন্মদিনের অনুষ্ঠান থেকে প্রায় ছয় সপ্তাহ পর।
এরপর শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। স্টেডিয়ামে মঞ্চ তৈরি, আলো, শব্দযন্ত্র, অতিথিদের বসার ব্যবস্থা, খাবারদাবার ও নিরাপত্তা, সবকিছুর প্রস্তুতি চলতে লাগল। এক ডজনের বেশি সংগীতদল বিনা পারিশ্রমিকে অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিল। রাজ্য সরকারও প্রধান সংগীত শিল্পীদের খরচ বহনের ব্যবস্থা করল।
যে মেয়েটির জন্মদিনে মাত্র কয়েকজন অতিথি এসেছিলেন, তাঁর নতুন অনুষ্ঠানের প্রস্তুতির খবর এবার মেক্সিকোর জাতীয় সংবাদমাধ্যমেও জায়গা পেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল তাঁর নাম ও ছবি।
২৩ আগস্ট বিকেলে একটি পুরোনো দিনের অভিজাত গাড়িতে চেপে স্টেডিয়ামে পৌঁছালেন ইসেলা। পরনে গোলাপি রঙের জমকালো গাউন। মাথায় ঝলমলে মুকুট। গাড়ি থেকে নামতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। সাংবাদিকেরা এগিয়ে এলেন। বন্ধুরা তাঁকে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছানোর ব্যবস্থা করলেন। বাইরে তখন প্রবল বৃষ্টি। কিন্তু বৃষ্টি থামাতে পারল না মানুষের উৎসাহ।
আয়োজকেরা যা ভেবেছিলেন, তার চেয়ে অনেক বেশি মানুষ এসেছিলেন। উপস্থিতির সংখ্যা প্রায় দুই হাজার। তাঁদের অধিকাংশই ইসেলার আত্মীয় কিংবা পরিচিত নন। সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের খবর দেখে একটি অপরিচিত মেয়ের জন্মদিনের আনন্দে অংশ নিতে তাঁরা সেখানে এসেছিলেন।
ডালাস থেকে আসা ৪৪ বছর বয়সী সারাই রোসালেস সংবাদমাধ্যমকে জানান, টেলিভিশনে খবর দেখে তাঁরা অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
৩৭ বছর বয়সী গৃহিণী ইয়োলান্দা কাস্ত্রো এসেছিলেন স্বামীকে সঙ্গে নিয়ে পাশের একটি শহর থেকে। ইসেলাকে আগে কখনো দেখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গল্প জেনেই উৎসবে যোগ দিতে এসেছেন।
দুটি মঞ্চে একের পর এক সংগীত পরিবেশনা চলতে থাকল। মাঝে মাঝে বৃষ্টির কারণে পরিবেশনা থামাতে হয়েছে। কিন্তু দর্শকেরা স্টেডিয়াম ছেড়ে যাননি। রাত বাড়তে লাগল, আনন্দও বাড়তে থাকল।
উৎসবের একটি বিশেষ আকর্ষণ ছিল ইসেলার নাচ। তাঁর জন্য বিশেষভাবে তৈরি একটি গানের সঙ্গে ছয় কিশোরকে নিয়ে নৃত্য পরিবেশন করলেন তিনি। দর্শকদের হাততালিতে মুখর হয়ে উঠল স্টেডিয়াম।
তবে সবচেয়ে বড় বিস্ময় তখনো বাকি। অনুষ্ঠানে ইসেলা জানিয়েছিলেন, ব্যক্তিগত উপহার দেওয়ার পরিবর্তে অতিথিরা যেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলনা নিয়ে আসেন। যে মেয়েটির নিজের জন্মদিনে এত কষ্ট হয়েছিল, সেই মেয়েটিই চাইছিলেন অন্য শিশুদের মুখে হাসি ফোটাতে।
কিন্তু আয়োজকেরা তাঁর জন্য এমন একটি উপহার রেখেছিলেন, যা কোনোভাবেই আশা করেননি তিনি। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে ইসেলার হাতে একটি প্যাকেট তুলে দেওয়া হলো। প্যাকেট খুলে দেখলেন, ভেতরে জমির মালিকানা দেওয়ার একটি চিঠি। আক্সতলা শহরে ৯০ বর্গমিটার জমি উপহার দেওয়া হয়েছে তাঁকে।
প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর বিষয়টি বুঝতে পেরে কেঁদে ফেললেন। যে পরিবার টিনের ছাউনির ছোট্ট কাঠের বাড়িতে থাকে, সেই পরিবারের মেয়ের নিজের নামে জমি! উপহারটি দিয়েছিলেন স্থানীয় রাজনীতিক ব্রিসেইরে সানচেজ ও হুয়ানা মারিয়া জুনিগা। শুধু জমিই নয়, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় সরকার ইসেলাকে একটি শিক্ষাবৃত্তিও দেয়।
ইসেলার স্বপ্ন ভবিষ্যতে শিক্ষক হওয়া। তাঁর সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পরিবারের ঘনিষ্ঠ ইলিয়ানা ওর্তেগা বলেছিলেন, জন্মদিনের উৎসব বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হলো মেয়েটি যেন ভবিষ্যতেও সহযোগিতা পায়। যাতে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।
গানবাজনা চলল রাতভর। বৃষ্টি কখনো থেমেছে, কখনো আবার নেমেছে। কিন্তু উৎসব থামেনি। একসময় ইসেলা হাসিমুখে জন্মদিনের কেক কাটলো। পাশে তখন সেই মানুষগুলো, যাঁরা তাঁর মুখে হাসি ফিরিয়ে আনতে এত আয়োজন করেছিলেন। পরদিন ভোরে উৎসব শেষ হতে না হতেই জন্মদিনের এ গল্প আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। মেক্সিকোর ছোট্ট শহরের ইসেলা নামের সেই সাধারণ মেয়েটি রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।
তথ্যসূত্র: Associated Press (AP)







