অরুণাচল সীমান্ত ঘিরে চীনের সামরিক তৎপরতা: ভারতের নতুন কৌশলগত চ্যালেঞ্জ

নয়াদিল্লি, ০৯ নভেম্বর – অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় চীনের পরিকাঠামো উন্নয়ন ও সামরিক তৎপরতা নতুন করে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সীমান্তে সরাসরি সেনাসংখ্যা বাড়ানোর চেয়েও বেইজিংয়ের মূল কৌশল হলো তিব্বতজুড়ে সড়ক, রেলপথ ও বিমানঘাঁটির মতো সামরিক অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করা, যাতে সংকটের মুহূর্তে পলক ফেলতে না ফেলতে বিপুল পরিমাণ সেনা ও যুদ্ধসরঞ্জাম সীমান্তে পৌঁছে দেওয়া যায়।
চীনের কৌশলগত শক্তি: ‘কম্বাইন্ড আর্মস ব্রিগেড’
সামরিক বিশ্লেষণে চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) মূল শক্তির উৎস হিসেবে কাজ করে তাদের ‘কম্বাইন্ড আর্মস ব্রিগেড’।
এসব ব্রিগেডের বৈশিষ্ট্য হলো:
- পদাতিক সেনার পাশাপাশি এতে রয়েছে কামান, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা ও নজরদারি ইউনিট এবং প্রকৌশল ও রসদ সরবরাহের আধুনিক ব্যবস্থা।
- পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী এগুলোর কাঠামো হালকা, মাঝারি বা ভারী হতে পারে।
- সাধারণত প্রতিটি এমন ব্রিগেডে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সেনা নিয়োজিত থাকেন।
বহুমুখী ও বহুমহলা সামরিক বিন্যাস
অরুণাচল সীমান্তে চীন তাদের সামরিক ব্যবস্থাপনা সাজিয়েছে বহুস্তরীয় নিরাপত্তাবলয় তৈরি করে। সীমান্তে সরাসরি মোতায়েন থাকা ইউনিটের বাইরে তিব্বত সামরিক জেলার অধীন বাহিনীকে যেকোনো সময় অতিরিক্ত শক্তি হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এমনকি পরিস্থিতি অত্যন্ত জটিল হলে ‘ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড’-এর অন্যান্য ইউনিটকেও সেখানে যুক্ত করা সম্ভব। এর ফলে সীমান্তে সব সময় বিপুল পরিমাণ সেনা স্থায়ীভাবে আটকে না রেখেই যেকোনো মুহূর্তে আকস্মিক সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দেওয়ার সক্ষমতা ধরে রাখছে চীন।
ভারতীয় সেনার ২০২৫-২৬ সালের বার্ষিক মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালে চীনের উত্তর সীমান্তে সেনা সংখ্যা কিছুটা কমানো হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ১০টি কম্বাইন্ড আর্মস ব্রিগেডের সমপরিমাণ বাহিনী এবং প্রচলিত প্রশিক্ষণ এলাকায় আরও ১০টি ব্রিগেডের সমপরিমাণ সেনা সক্রিয় ছিল। অবশ্য এই হিসাব গোটা ভারত-চীন সীমান্তজুড়েই প্রযোজ্য।
দামশুং বিমানঘাঁটি ও জে-২০ যুদ্ধবিমানের উপস্থিতি
চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম কেন্দ্রবিন্দু হলো তিব্বতের দামশুং বিমানঘাঁটি।
- অরুণাচল সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ থেকে ৪,৩০০ মিটার উচ্চতায় অবস্থিত।
- এর রানওয়ে প্রায় ৫.২ কিলোমিটার দীর্ঘ, যা যেকোনো আধুনিক যুদ্ধবিমানের চলাচলের জন্য অত্যন্ত উপযোগী।
- ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত বাণিজ্যিক উপগ্রহচিত্র অনুযায়ী, সে বছরের জুনে সেখানে চীনের সর্বাধুনিক চারটি জে-২০ (J-20) যুদ্ধবিমান দেখা যাওয়ার দাবি সামনে আসে। যদিও সেখানে স্থায়ীভাবে কোনো যুদ্ধবিমান বা স্কোয়াড্রন মোতায়েন রয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি।
ভারত ও চীনের মুখোমুখি প্রস্তুতি
উচ্চ পার্বত্য ও দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় ধরে সৈন্য ও রসদ সরবরাহ বজায় রাখা ভারতের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সীমান্তে ভারতীয় সেনার শক্ত উপস্থিতি ভারতের বড় কৌশলগত সুবিধা। একই সঙ্গে ভারতও সীমান্তবর্তী এলাকায় সড়ক, যোগাযোগ নেটওয়ার্ক, নজরদারি ও লজিস্টিকস বা রসদ সরবরাহ ব্যবস্থা ব্যাপক পরিমাণে উন্নত করছে।
অমিত সংঘাতের কোনো তাৎক্ষণিক আশঙ্কা না থাকলেও, তিব্বতে চীনের এই পরিকাঠামো ও বিমানশক্তির সম্প্রসারণ বেইজিংকে দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক চাপ বজায় রাখার সুবিধা দিচ্ছে। ফলে ভারতের সামনে মূল চ্যালেঞ্জ শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, বরং যেকোনো সম্ভাব্য সংকটের মুহূর্তে দ্রুততম সময়ে সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং তা কার্যকর করা।
এনএন/ ০৯ নভেম্বর ২০২৬







