‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়ে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি

ঢাকা,০৯ নভেম্বর-ছোটপর্দা ও ওটিটিতে কাজের অভিজ্ঞতার পর এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন বাংলা নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। বিশ্বজুড়ে পরিচিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরবেন তিনি।
গত শনিবার (৭ নভেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাহির নাম ঘোষণা করা হয়। পরদিন রোববার (৮ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
তবে এই মুকুট জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নাটকের পরিচিত মুখ হয়েও হঠাৎ এমন একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আত্মবিশ্বাসী মাহি। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাবটি যখন আসে, প্রথমে দ্বিধায় ছিলাম যে যাওয়া ঠিক হবে কিনা। পরে মনে হলো, একজন অভিনেত্রী ও মডেল হয়ে যদি দেশের হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে না পারি, তবে শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’
এদিকে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মাহির বড় ভরসা তাঁর বন্ধু ও গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। বাস্তব জীবনের এই দুই বন্ধু এখন একসঙ্গে কাজ করছেন। নিজের আগের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহিকে সেরাভাবে প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন মিথিলা নিজেই। বন্ধুর সাফল্য নিয়েও বেশ আশাবাদী তিনি।
আন্তর্জাতিক মঞ্চে দেশের সংস্কৃতি তুলে ধরার বড় দায়িত্ব নিয়ে দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহি। তিনি বলেন, ‘আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দেশের পতাকাকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে।’
উল্লেখ্য, শোবিজে মাহির পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ফ্যাশন শো, র্যাম্প ওয়াক ও নান্দনিক বিজ্ঞাপনচিত্রে পরিচিত মুখ হিসেবে কাজ করার পর নাটকের অভিনেত্রী হিসেবেও পরিচিতি পান তিনি। এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক গৌরবের নতুন একটি অধ্যায়।
ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







