মধ্যপ্রাচ্য

মিশরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৭, আহত শতাধিক

দুই ট্রেনের সংঘর্ষ

কায়রো,০৯ নভেম্বর-মিশরের গিজা শহরের কাছে আল-আইয়াত এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় হাসপাতালগুলোতে আহত রোগীদের ভিড় বেড়ে গেছে। জরুরি চিকিৎসার চাহিদা সামাল দিতে ওই এলাকার সব হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। ভয়াবহ এ দুর্ঘটনায় ট্রেন চালকসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। সংঘর্ষে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

মিশরের গিজা ও কায়রো থেকে দক্ষিণ দিকে যাত্রা করা দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া এবং দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতরে আটকে পড়া আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। একটি বগির কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে গেছে।

দুর্ঘটনার পরপরই মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ধার হওয়া বিপুলসংখ্যক আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া বেশির ভাগ রোগীরই শরীরের হাড় ভেঙে গেছে। অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি সহায়তা দিচ্ছে। পাশাপাশি বিপর্যস্ত পরিবারগুলোকেও সেবা দেওয়া হচ্ছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে এবং কারো কোনো গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে তাকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের (আপার ইজিপ্ট) মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ট্রেনের ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে ভারী ক্রেন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে দুর্ঘটনাস্থল আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language