ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় দুই প্রদেশে ৬২ জন নিহত, কয়েক সপ্তাহে হতাহত ১ হাজার ৩৯

সানা,০৮ নভেম্বর- সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সামরিক অভিযানে ইয়েমেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অব্যাহত এই রক্তক্ষয়ী হামলায় মাত্র কয়েক সপ্তাহে ১ হাজার ৩৯ জন সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বোমা হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধারে এখনও কাজ করছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।
সর্বশেষ সানা ও তাইজ প্রদেশে দুটি ভয়াবহ বিমান হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাসেম মোহাম্মদ কাসেম বাহাইবাহ জানান, সানা প্রদেশের বানি হুশাইশ জেলার আল-শারিয়াহ গ্রামে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে সৌদি বিমান হামলায় প্রাথমিক হিসাবে ৩২ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। হামলায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলগুলো এখনও কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, আহতদের সরিয়ে নেওয়ার সময় সৌদি যুদ্ধবিমান পরিকল্পিতভাবে উদ্ধারকর্মী ও চিকিৎসা দলগুলোর ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাধারা বাজারে সৌদি বিমান হামলায় ৩০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি আরও জানান, গত আট দিনে তাইজ প্রদেশে ১৯৯ জন হতাহত হয়েছেন। সব মিলিয়ে গত ১৩ জুলাই থেকে সৌদি হামলা ও সামরিক অভিযানে ইয়েমেনে হতাহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রী বলেন, সৌদি বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







