জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

বিএনপি

ঢাকা,০৭ নভেম্বর-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এরপর কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবার বড় পরিসরে দিবসটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষে ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। কেন্দ্রীয় শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা, মহানগর ইউনিট এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান। সেখানে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। পরে তাঁরা ফাতেহা পাঠ করবেন।

বিকেলের শোভাযাত্রা শুরু হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছাবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। এ আয়োজন সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি শেষ করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁরা স্মরণীয় একটি আয়োজনের প্রত্যাশা করছেন। অন্যদিকে, মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানান, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে শনিবার সকাল ৬টায় নয়াপল্টনসহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হবে। জেলা ও মহানগর পর্যায়েও মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনাসভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করবে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language