চাঁদপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন গ্রেপ্তার, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর,০৭ নভেম্বর-চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানা থেকে ৬ জন, চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩১ জন, শাহরাস্তি থানা থেকে ৬ জন, হাজীগঞ্জ থানা থেকে ৭ জন এবং মতলব উত্তর থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা থেকে ৭ জন, চাঁদপুর সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থানা থেকে ৪ জন এবং হাজীগঞ্জ থানা থেকে ৪ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক কিশোর গ্যাং সদস্যের সংখ্যা ১৯ জন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই করার পর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এস এম/ ০৭ নভেম্বর ২০২৬







