জাতীয়

সংসদের ‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

ঢাকা,০৩ নভেম্বর-জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), লুৎফুল্লাহেল মাজেদ, নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আক্তার হোসেন ও আন্না মিন্জ অংশ নেন।

সভার শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে তাঁর নির্দেশনায় ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং একই কাজ যেন একাধিকবার না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনা করে প্রকল্পের নাম ‘ই-পার্লামেন্ট’ পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে যাতে কোনো ধরনের কাজের পুনরাবৃত্তি বা দ্বৈততা না থাকে, তা নিশ্চিত করতে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সাঈদ আল নোমান ও আন্না মিন্জকে নিয়ে এই উপকমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উপকমিটিকে।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস এম/ ০৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language