উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের

পিয়ংইয়ং,৩১ অক্টোবর-উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের আহ্বান আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।
দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকারও করেছে তিন দেশ। তবে পিয়ংইয়ং বারবারই পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় জি-২০ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে এ অবস্থান জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ বিষয়ে তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তাঁরা উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করাসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে এই আহ্বানের কিছুটা পার্থক্য রয়েছে।
প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি আবারও কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মাসে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের বৈঠক হতে পারে বলে জল্পনা চলছে।
গত বছর ট্রাম্প উত্তর কোরিয়াকে কার্যত পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকার করে দীর্ঘদিনের মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সেপ্টেম্বরে প্রস্তাব দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র ধ্বংসের পরিবর্তে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা করা উচিত। এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও বিবেচনা করার কথা বলেন তিনি।
সমালোচকদের আশঙ্কা, এমন উদ্যোগের ফলে উত্তর কোরিয়াকে কার্যত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি দেশটি নিজেদের অস্ত্রভান্ডার অক্ষত রেখেই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে পারে।
জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও চীনের সমর্থনপুষ্ট উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির সরকার তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬







