ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন, নিরাপত্তায় ১৪৪ ধারা জারি

কক্সবাজার,৩০ অক্টোবর-কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে আগুন লাগার ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
বৃহস্পতিবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে, এমন কাজেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়ে পাইপ প্রবেশ করানোর সময় গ্যাস বের হতে শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরে যায়। গ্যাসের ধরন ও উৎস জানতে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে বাপেক্সের কারিগরি দল। এ ঘটনায় আরও অনুসন্ধান চলছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







