সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নামঞ্জুর

ঢাকা,২৯ অক্টোবর-চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ আদেশ দেন।
এদিন ডনের পক্ষে অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। এরপর গত ২৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তিনি জামিন পাননি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







