ফুটবল

তুরস্কে মোহামেদ সালাহর নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত, ২০ দিনের মধ্যে উদ্বোধন

মোহামেদ সালাহ

আঙ্কারা,২৮ অক্টোবর-যে সড়ক দিয়ে প্রায় প্রতিদিন বাড়ি ফেরেন মোহামেদ সালাহ, এবার সেই সড়কটি তাঁর নামেই পরিচিত হতে যাচ্ছে। তুরস্কের ট্রাবজন শহরের ইয়োমরা পৌরসভায় মিশরের এই ফুটবল তারকার নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও পাওয়া গেছে।

গত আগস্টে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেন সালাহ। ক্লাবটিতে যোগ দেওয়ার পর মিশরীয় এই তারকাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এবার তাঁর নামে সড়কের নামকরণের খবর সামনে এসেছে।

ইয়োমরা পৌরসভার মেয়র মুস্তাফা বেইক ‘অন স্পোর্ট’ চ্যানেলকে জানিয়েছেন, সালাহর প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাবজনস্পোরের হয়ে মাঠে তাঁর পারফরম্যান্সও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

বেইক জানান, সালাহর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও গর্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই তাঁর নামে সড়কের নামকরণের পরিকল্পনা করে পৌরসভা। সালাহ ইয়োমরা পৌর এলাকার মধ্যেই বসবাস করেন। তাই তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাসকে স্থায়ী স্মারকে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সালাহর নামে সড়কের নামকরণের প্রস্তাব স্থানীয় পরিষদে তোলা হলে সব সদস্য এতে সমর্থন জানান। কেউ আপত্তি করেননি। এরপর সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পৌরসভা।

তুরস্কের নিয়ম অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তির নামে সড়কের নামকরণ করতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ কারণে সালাহর নামে সড়কের নামকরণের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়।

মাত্র এক সপ্তাহের মধ্যেই এ অনুমোদন দিয়েছে তুর্কি সরকার। সাধারণত এ ধরনের প্রক্রিয়ায় প্রস্তাবিত ব্যক্তির পরিচয়, অতীত ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতে বেশি সময় লাগে। তবে এবার দ্রুত অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভার মেয়র।

নামকরণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ায় এখন সড়কের নামসংবলিত সাইনবোর্ড তৈরির প্রস্তুতি নিচ্ছে পৌরসভা।

বেইক জানান, ট্রাবজনস্পোরের পরিচালনা পর্ষদের সদস্যদের মাধ্যমে সালাহকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নিজের নামে সড়কের নামকরণের খবর শুনে আনন্দ প্রকাশ করেছেন মিশরীয় এই তারকা। বাড়ি ফেরার পথে তিনি নিয়মিত এই সড়ক দিয়েই যাতায়াত করেন।

মেয়র বেইকের দাবি, ট্রাবজন শহর ও আশপাশের এলাকার ইতিহাসে কোনো বিদেশি ফুটবলারের নামে সড়কের নামকরণের ঘটনা এটিই প্রথম। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষের কাছে উদ্যোগটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বেইক আরও জানান, সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সালাহকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে পৌরসভার। তারকা এই ফুটবলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন তিনি। বর্তমানে সাইনবোর্ড তৈরি, স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করার দিকে মনোযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।

বেইক জানান, আগামী ২০ দিনের মধ্যে সড়কটির উদ্বোধন হতে পারে। সালাহর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তাঁর নাম স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতে চায় ইয়োমরা পৌরসভা।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language