বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলার নিন্দা জানাল জেএসডি

পিরোজপুর,২৭ অক্টোবর-পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়া এবং রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতি চরম অবমাননা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায়নি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সরকারের দাবির যথার্থতা প্রমাণ করতে হলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে জেএসডির নেতারা বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা এবং ভিন্নমতের মানুষের ওপর সহিংসতা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থানের পরিপন্থী। অতীতের ফ্যাসিবাদী শাসনামলের দমন-পীড়নের পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জেএসডির নেতারা উভয় ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬







