পর্যটন

পহেলা নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন: বাড়ল পর্যটক সীমা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা

প্রকৃতিপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের জন্য ফের উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ সুরক্ষার শর্ত মেনে এবার পর্যটক সংখ্যা বাড়ানোর পাশাপাশি তুলে নেওয়া হয়েছে রাত্রিযাপনের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সম্প্রতি পর্যটন গমন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের মূল বিষয়সমূহ:

পর্যটক সংখ্যা বৃদ্ধি: আগে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিদিন সাঁড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

ভ্রমণের সময়সীমা: পর্যটকরা ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াত ও অবস্থান করতে পারবেন।

রাত্রিযাপনের অনুমতি: সেন্টমার্টিনে রাত্রিকালীন অবস্থানের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।

জাহাজ চলাচলের রুট: আগের নিয়ম অনুযায়ী সেন্টমার্টিনগামী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই ছেড়ে যাবে।

পরিবেশ সুরক্ষায় ১০০ টাকার ইকো-ফি:

সেন্টমার্টিনের সংবেদনশীল পরিবেশ রক্ষায় প্রজ্ঞাপনে এক বিশেষ পদক্ষেপের কথা জানানো হয়েছে। দ্বীপটির পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্যসহ সব ধরণের দূষণ ঠেকাতে প্রতি পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে ফি নেওয়া হবে। সংগ্রহ করা এই অর্থ দিয়ে দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক কর্মী নিয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

এনএন/ ২৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language