হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

ঢাকা,২৫ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এক শিক্ষার্থীর করা হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর আগে একই মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আজ রবিবার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় দিলীপ আগরওয়ালা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক তথ্য গোপন করেছেন। তাঁর দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করছে পুলিশ। মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার, তাঁদের নাম-ঠিকানা শনাক্ত এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) একই মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। সেদিন পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। মামলাটি ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়।
এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে আন্দোলন চলাকালে গুলিতে আহত হন শিক্ষার্থী আ. জব্বার।
দিলীপ কুমার আগরওয়ালা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬







