জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

ডেঙ্গু

ঢাকা,২৪ অক্টোবর- এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হলো।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪১ জন, খুলনা বিভাগে ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language