ডেমরার গ্যারেজে আগুনে পুড়ল জবির শিক্ষার্থীদের ‘নোঙর’ বাস, হতাহত নেই

ঢাকা,১৮ অক্টোবর-রাজধানীর ডেমরায় আগুনে পুড়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার দুপুরে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হাসান বলেন, গ্যারেজের কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সকালে গ্যারেজে বনশ্রী পরিবহন নামে একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সে সময় বাসটিতে আগুন লাগে। পরে সেই আগুন পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের বাসটির ছাদে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, গ্যারেজের কর্মীরা আশপাশের লোকজনকে ডেকে এনে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে বাসটি গ্যারেজ থেকে বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে বাসটির গেট বন্ধ থাকায় সেটি সরানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এ ঘটনায় কেউ আহত বা হতাহত হননি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বাসটি মেরামতের জন্য দেওয়া হয়েছিল। আজ সকালে আগুনের ঘটনা ঘটে। মেরামতের কাজ চলায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। তাই এ ঘটনায় কেউ হতাহত হননি।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬







