জাতীয়

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় দেওয়া হবে না: শেখ ফরিদ আহম্মেদ মানিক

শেখ ফরিদ আহম্মেদ মানিক

ঢাকা,১৮ অক্টোবর-ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহম্মেদ মানিক।

একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে তাদের ভূমিকা, অন্যায়-অপরাধ এবং বিভিন্ন দরবার থেকে অর্থ নেওয়ার অভিযোগ যাচাই-বাছাই করে প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে অথবা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা ছাত্রদলের সঙ্গে যুক্ত আছেন, তারা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না। তাদের দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে আগে নিজ নিজ পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।

সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের বিষয়ে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছর ধরে রাজপথে যাদের দেখা গেছে, তাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে। কে মাদকের বিরুদ্ধে কী ভূমিকা রেখেছেন এবং কে কী অন্যায় করেছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হবে। প্রার্থীদের নিজেদের যোগ্যতা নিয়ে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বিচার করতে হবে— কে কতটুকু যোগ্য।’

উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language