স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ঢাকা,১৭ অক্টোবর-স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এ সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ তালিকা হালনাগাদের জন্য ভোটার তালিকা আইন, ২০০৯-এর ৩(জ) ধারা অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন।
এ পরিপ্রেক্ষিতে ভোটার তালিকার ডাটাবেইজে ৩১ জুলাই ২০০৮ তারিখে বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করার জন্য বিস্তারিত সময়সূচি অনুমোদন করেছে কমিশন। এ প্রক্রিয়ার মধ্যে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা নেওয়া এবং জমা পড়া আবেদন নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
চিঠিতে আরও বলা হয়েছে, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে লিংক পাঠানোর শেষ তারিখ আগামী ৪ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। জমা দেওয়া আবেদনগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৪ নভেম্বর। আর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।
এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার আহ্বান জানাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এ তথ্য প্রচারের ব্যবস্থাও নিতে হবে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬







