মধ্যপ্রাচ্য

বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: পেজেশকিয়ান

পেজেশকিয়ান

তেহরান,১৬ অক্টোবর-বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি জাতিকে কখনোই আত্মসমর্পণ করানো সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার জাতীয় নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কোনো জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যায় না। তবে দেশের ভেতরে বিভেদ তৈরি হলে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, দেশের ক্ষমতা ও ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে শত্রুপক্ষ অভ্যন্তরীণ বিভেদ এবং বিদ্যমান সমস্যাগুলোকে কাজে লাগানোর ষড়যন্ত্র করছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানের জনগণ শত্রুর মুখোমুখি হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপসহ নানা উপায়ে শত্রুরা দেশের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং শত্রুপক্ষের প্রত্যাশার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শত্রুরা ভেবেছিল, বিদ্যুৎ, পানি ও গ্যাসের ঘাটতি, জ্বালানি সমস্যা, পরিবেশগত চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতের জটিলতা, বাজেট ঘাটতি এবং পেনশন তহবিলের সমস্যাগুলো ইরানি সমাজে বিভেদ তৈরি করবে। কিন্তু এ দেশের মানুষের সহনশীলতা ও পারস্পরিক সংহতি শত্রুপক্ষের সেই প্রত্যাশাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে।

এস এম/ ১৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language