হরমুজ প্রণালীর কাছে হামলায় ডুবল দুটি জাহাজ, ২১ ক্রু উদ্ধার

তেহরান,১৫ অক্টোবর- হরমুজ প্রণালীতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রণালীটির কাছে পৃথক দুটি ঘটনায় দুটি কনটেইনার ও পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে তেহরান নতুন কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় হামলার শিকার হয় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইড। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে এটি ডুবে যায়। জাহাজটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য একটি ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী আরেকটি জাহাজও ডুবে গেছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে ইরানের হামলার ঘটনা বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো যে উদ্যোগ নিয়েছে, তা ব্যাহত করতেই তেহরান এই কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে শত্রুপক্ষ সামরিক কার্যক্রম পরিচালনা, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান।
অন্যদিকে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আগাম হামলা চালানো কিংবা নির্বাচনের আগে সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে বুধবার ইসরায়েলের আর্মি রেডিওতে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেও সুবিধাজনক নয়। তবে ইরানের হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছেন তিনি।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬







