দক্ষিণ এশিয়া

ভারতের প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ

নয়াদিল্লী, ২৮ ফেব্রুয়ারি – ভারতের অরুণাচল প্রদেশকে করোনাভাইরাসমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এ ঘোষণা দেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে আর কোনও সক্রিয় করোনা রোগী নেই। সবাই সুস্থ হয়ে গেছেন। রাজ্যে সুস্থতার হার ৯৯.৬৬ শতাংশ ও সংক্রমণের হার শূন্য। খবর এনডিটিভির।

অরুণাচল প্রদেশের পর্যবেক্ষক কর্মকর্তা লোবসাং জাম্পা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। অরুণাচল প্রদেশে মোট ১৬ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছে। তিনজন সক্রিয় করোনা রোগী ছিল। রোববার তারা সুস্থ হওয়ায় এই রাজ্য করোনামুক্ত হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

আরও পড়ুন : অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে সু চির সহযোগীরা

জাম্পা জানিয়েছেন, মোট চার লাখ পাঁচ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কারও রিপোর্ট পজিটিভ আসেনি।

জাম্পা আরও জানান, রাজ্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এখন পর্যন্ত ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোম, বৃহস্পতি, শুক্র এবং শনিবার—সপ্তাহে এই চার দিন ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চালানো হচ্ছে।

সূত্র : এনটিভি
এন এ/ ২৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language