আরব আমীরাত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ১৫ বছরের ছেলের মৃত্যু, আহত বাবা

সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ১৫ বছরের ছেলের মৃত্যু

আবুধাবি,১৩ অক্টোবর- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী ও একমাত্র ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। নিহত অসীমা চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানে। এ দম্পতির আরও এক কন্যাসন্তান রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় তাঁদের গাড়িটিকে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি জোরে ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বরূপ বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাঁদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়। গাড়ির চালকের আসনে থাকা স্বরূপ বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কমিউনিটি নেতারা ও স্বজনেরা কাজ করছেন।

এস এম/ ১৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language