প্রশ্ন ফাঁসের অভিযোগে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা, ১০ অক্টোবর- যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য MCQ বাছাই পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ দুই কর্মদিবসের মধ্যে জানানো হবে।’
উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
এস এম/ ১০ অক্টোবর ২০২৬







