ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পশ্চিমবঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর গ্রেফতার

কলকাতা, ০৬ অক্টোবর-নির্বাচনী আইন ও বিধি ভাঙার অভিযোগে পশ্চিমবঙ্গের ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-এর বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
মঙ্গলবার রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। এর মধ্যে একটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, অন্যটি মুর্শিদাবাদ জেলার রেজিনগর। আর এই রেজিনগরেই যত ঘটনা।
নির্বাচন চলাকালীন রেজিনগর আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে নওদার বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে। এমনকি ভোট শুরুর পর থেকেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এরপর এজেইউপির দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় পুলিশের সঙ্গে হুমায়ুনের কার্যত বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। এরপর তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে হুমায়ুনের বিষয়ে জেলা পুলিশের কাছে যাবতীয় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় জানান, ‘হুমায়ুন কবীর আইন ভেঙেছেন, তাই তাকে আটক করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ পরে হুমায়ুন কবীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-এর চেয়ারম্যান হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুটি আসন থেকেই জয়ী হন। পরে নওদা নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন।
অন্যদিকে, ভবানীপুর ও নন্দীগ্রাম—একসঙ্গে দুটি আসনে জয়ী হওয়ার পর নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শূন্য হওয়া ওই দুটি আসনেই আজ উপনির্বাচন হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত রেজিনগরে ভোট পড়েছে ১৮ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে নন্দীগ্রামে ভোট পড়েছে ২০ দশমিক ৮৯ শতাংশ।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬







