ফুটবল

২০৩৪ বিশ্বকাপের প্রস্তাবিত নিওম স্টেডিয়ামের নির্মাণ পরিকল্পনা স্থগিত

নিওম স্টেডিয়াম

রিয়াদ, ০৫ অক্টোবর-২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ১৫টি ভেন্যুর মধ্যে অন্যতম ‘নিওম স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে স্বাগতিক দেশ সৌদি আরব। ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি টুর্নামেন্টের অন্যতম বড় পরিকল্পনার একটি ছিল। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৯ দশমিক ১৮ বিলিয়ন দিরহাম।

স্টেডিয়ামটির নকশা এমনভাবে করা হয়েছিল, যাতে এটি ‘দ্য লাইন’-এর ভেতরে মাটি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করে। ‘দ্য লাইন’ হলো নিওম প্রকল্পের অংশ হিসেবে পরিকল্পনা করা ১৬০ কিলোমিটার দীর্ঘ একটি অত্যাধুনিক নগর-পরিকল্পনা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘দ্য লাইন’ প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়া এবং এর পরিসর কমিয়ে আনার সিদ্ধান্তের কারণে নিওম স্টেডিয়ামের পরিকল্পনাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুবাইভিত্তিক নির্মাণ খাতের তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘মিড প্রজেক্টস’-এর তালিকায় স্টেডিয়ামটিকে ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে। তবে প্রকল্পটি কবে শেষ হতে পারে, সে বিষয়ে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প হিসেবে নিওমের যাত্রা শুরু হয়েছিল। নিওমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ বা পিআইএফের গভর্নর ইয়াসির আল-রুমান গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ এখন আর অগ্রাধিকার তালিকায় নেই এবং ২০৩০ সালের আগে এটি বাস্তবায়ন করা জরুরি নয়। তবে তিনি প্রকল্পগুলো বাতিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনের জন্য সৌদি আরব এই স্টেডিয়ামটি প্রস্তাব করেছিল। মূল পরিকল্পনায় ২০৩২ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বিশ্বকাপের ভেন্যু তালিকা থেকে নিওম স্টেডিয়ামকে বাদ দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজের বিভিন্ন ধাপে মাইলফলক অর্জনের ক্ষেত্রে সৌদি আরব ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

এস এম/ ০৫ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language