ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদের পদত্যাগ

তেহরান, ০৫ অক্টোবর-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত সাত মাস ধরে যুদ্ধ চলছে। এই সংঘাতের কারণে ইরানের অর্থনীতির ওপর ক্রমাগত চাপ বাড়ছে। এমন এক কঠিন সময়ে হঠাৎ করেই পদত্যাগ করলেন দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে।
তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন পাকনেজাদের জায়গায় ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হামিদ বোভার্দ। তিনি সরকার-নিয়ন্ত্রিত ‘ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি’র (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ইরানের তেলমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নিয়েছিলেন মহসেন পাকনেজাদ। তবে পদত্যাগের খবর প্রকাশের ঠিক আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে তার একটি বক্তব্য প্রচার করা হয়। সেখানে আশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে পরিমাণ তেল বিক্রি করেছি, তার আয় এখনো আসছে এবং সৃষ্টিকর্তা চাইলে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এস এম/ ০৫ অক্টোবর ২০২৬







