মধ্যপ্রাচ্য

ইরানকে হুতিদের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জি-৭-এর

সামরিক সহায়তা বন্ধের আহ্বান জি-৭-এর

সানা,২২ সেপ্টেম্বর- ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। খবর আল জাজিরার।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড এবং বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বানও জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।

এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language