ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ এখন ‘শিকার’ হচ্ছে ; গালিবাফ

তেহরান, ১৯ সেপ্টেম্বর- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে। এরই মধ্যে এমন এক সময় শুরু হয়েছে, যখন মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানকে ‘শিকার’ করা হচ্ছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, এমন এক সময়ের সূচনা হয়েছে, যখন তাদের এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানগুলো শিকার হচ্ছে এবং সেগুলোর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, যা একসময় শুধু একটি দুঃস্বপ্ন ছিল, তা এখন প্রতিদিনের বাস্তবতা। এখন থেকে তাদের এই বাস্তবতার সঙ্গেই চলতে হবে।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মার্কিন সামরিক বাহিনী নতুন ধরনের যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা বলার পর গালিবাফ এই মন্তব্য করেন।
বুধবার কেইন বলেন, এখন থেকে তাদের ধরে নিতে হবে যে, তাদের বাহিনী স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে শিকার হবে, বিভিন্ন স্পেকট্রামে জ্যামিংয়ের মুখে পড়বে এবং রিয়েল-টাইমে তাদের গতিবিধি শনাক্ত করা হবে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা সামরিক অভিযানের মধ্যে মার্কিন বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি বিভিন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে, পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন সামরিক ঘাঁটির শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিও দেখা দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। এসব হামলার জবাবে ওই অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন এনেছে মার্কিন বাহিনী।
এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬







