মধ্যপ্রাচ্য

ইরানের সমালোচনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার ঔপনিবেশিক শাসন মনে করিয়ে দিলেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

তেহরান,১৯ সেপ্টেম্বর- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সমালোচনা করে আলজেরিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতা যুদ্ধের সময়কার প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানের সমালোচনার ক্ষেত্রে বারোর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় বিপুলসংখ্যক আলজেরীয় নিহত হলেও ফ্রান্স সেই প্রাণহানির একটি অংশের হিসাবই নথিবদ্ধ করেছে। তার দাবি, ঔপনিবেশিক আমলের অপরাধের জন্য প্যারিস এখনো যথাযথভাবে ক্ষমা চায়নি।

আরাগচি লেখেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্স ১৫ লাখ আলজেরীয়কে হত্যা করেছিল। প্যারিস তাদের মধ্যে মাত্র এক-দশমাংশের হিসাব নথিবদ্ধ করেছে এবং নিজেদের ঔপনিবেশিক অপরাধের জন্য কোনো ধরনের ক্ষমা চাইতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, জঁ-নোয়েল বারো, আপনার কুম্ভীরাশ্রু বন্ধ করুন। যুক্তরাষ্ট্র যখন ইরানের স্কুলশিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছিল, তখন আপনার নীরবতাই সব বলে দিয়েছে।

১৮৩০ সালে ফ্রান্স আলজেরিয়া দখল করে। এরপর ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করা পর্যন্ত সেখানে ফরাসি ঔপনিবেশিক শাসন বজায় ছিল। ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত চলা আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ব্যাপক সংঘর্ষ, বাস্তুচ্যুতি এবং ফরাসি বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে।

যুদ্ধের সময় আলজেরীয়দের প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। আলজেরীয় ইতিহাসবিদ ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এফএলএন) হিসাবে নিহতের সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে অন্যান্য ঐতিহাসিক গবেষণায় এর চেয়ে কম সংখ্যার হিসাব পাওয়া যায়। এ ছাড়া সংঘাতের সময় ২০ লাখেরও বেশি আলজেরীয়কে জোরপূর্বক স্থানান্তর বা বাস্তুচ্যুত করা হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language