জ্বালানি সংকটে গাজার কুয়েত হাসপাতালে রোববার থেকে অধিকাংশ সেবা বন্ধ

গাজা,১৮ সেপ্টেম্বর- জ্বালানি সংকটের কারণে গাজার কুয়েত হাসপাতাল আগামী রবিবার থেকে বেশিরভাগ চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হবে। খবর আল জাজিরার।
গাজার অন্যতম বড় এই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জানতে পেরেছে।
জ্বালানি সংকটের কারণে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে সাধারণ জরুরি বিভাগ এবং প্রসূতি জরুরি বিভাগ চালু থাকবে।
গাজার স্বাস্থ্যব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার মধ্যে হাসপাতালটি এই ঘোষণা দিল। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি, ইঞ্জিন তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে কয়েকটি হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে। যেসব জেনারেটর এখনো চালু আছে, সেগুলোও সার্বক্ষণিক চলায় সব জীবন রক্ষাকারী বিভাগে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এর কয়েক দিন আগে খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানিয়েছিলেন, বিভিন্ন ভবনে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালটির চারটি জেনারেটরের মধ্যে একটি ইতোমধ্যে অচল হয়ে গেছে।
কুয়েত হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেলে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।
এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬







