নারায়নগঞ্জ

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে বাধা, সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতার

নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। পুলিশের অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মদনগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় সাবেক কাউন্সিলর সাগরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের জন্য রাতে বন্দর থানা-পুলিশের একটি দল মদনগঞ্জে তার বাড়ি ও কার্যালয়ে যায়। এ সময় সাগর তার কার্যালয়ে ছিলেন বলেও জানান তারা।

পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছে—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন জড়ো হয়ে সাগরের কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সাগরের গ্রেফতার ঠেকাতে কার্যালয়ের সামনে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থানের পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা সড়ক থেকে টেবিল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, ফয়সাল মোহাম্মদ সাগর মদনগঞ্জ এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়েছিল। পরে তাকে না পেয়ে পুলিশ ফিরে আসে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ফয়সাল মোহাম্মদ সাগরকে আটক করতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি দেখে তার সমর্থকেরা পরিস্থিতি উত্তপ্ত করেন। সাবেক কাউন্সিলর সেখানে না থাকায় পুলিশ ফিরে আসে।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language