জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানের কাছে চীনের গোপন তথ্য দেওয়ার দাবি খারিজ করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর- গত জুলাইয়ে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানকে চীন কোনো গোপন তথ্য দেয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনও খারিজ করে দিয়েছেন তিনি।
গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং একে অপরের ওপর নজরদারি করছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করা হয়, গত জুলাইয়ে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলার আগেই একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে ট্রাম্প এই বিষয়টি তুলবেন কি না জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি। বরং তিনি বলেন, বেইজিং ও ওয়াশিংটন একে অপরকে নজরদারিতে রেখেছে এবং এটি স্বাভাবিক ঘটনা।
ট্রাম্প বলেন, ‘তারা মূলত সেটাই করছে, যা আমরাও করে থাকি। যখন বলা হয় চীন আমাদের ওপর নজর রাখছে, তখন আমি বলি আপনারা ঠিকই বলেছেন, কারণ আমরাও তাদের ওপর একইভাবে নজর রাখছি।’
এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্কের কথাও আবারও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি যথেষ্ট ভালো আচরণ করেছেন। আমরাও তার সঙ্গে ইতিবাচক আচরণ করে যাচ্ছি।’
আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করার তথ্য এখনও পাওয়া যায়নি।
এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬







