জাতীয়

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ সেপ্টেম্বর- দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনায় তিনি এ আশঙ্কার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ে তিন মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগী বৃদ্ধির আশঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

এ সময় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বেড়েছে। কিশোর-কিশোরীরা আত্মহত্যা করলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে সরকার।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button