জাতীয়

জ্বালানি সংকট ধীরে ধীরে ঠিক হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী

ঢাকা, ৯ সেপ্টেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। তাই এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন। পূর্বের দেশ অর্থাৎ বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা তিনি করছেন।

এ সময় ফ্যাসিবাদী আমলে নারীর প্রতি সহিংসতার বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীদেরও নিপীড়ন করা হয়েছে। ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছিত ও অপমানের শিকার হয়েছেন।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button