সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

ঢাকা, ৭ সেপ্টেম্বর – সন্তানকে সম্পত্তি হস্তান্তর করার পরও আজীবন সেই সম্পত্তি ভোগ করার সুযোগ পাবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনে আনা একটি বিল রবিবার জাতীয় সংসদে পাস হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
যদিও বিলটি পাসের আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তবে সরকারি দলের পক্ষ থেকে বাবা-মায়ের সুরক্ষায় এই বিলটিকে স্বাগত জানানো হয়েছে। পাস হওয়া বিলের বিধান অনুযায়ী, বাবা-মা বা দাদা-দাদি অথবা নানা-নানির কাছ থেকে কোনো সম্পত্তি সন্তান বা নাতি-নাতনির কাছে দান করা হলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহারের অধিকার তার থাকবে।
একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও দাতা আজীবন ভোগাধিকার বজায় রাখতে পারবেন। এছাড়া দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলেও দাতার ভোগের অধিকার বজায় থাকবে এবং পরবর্তী সময়ে প্রচলিত আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রচলিত আইনে দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে স্পষ্ট বিধান ছিল না। এই সংশোধনীর মাধ্যমে একটি স্বতন্ত্র ব্যবস্থা তৈরি হবে যা সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কার্যকর হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এটি মুসলিম আইনের হেবা বা অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতির ওপর কোনো প্রভাব ফেলবে না।
তবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই বিলের বিরোধিতা করেছেন। তিনি একে কোরআন এবং সুন্নাহ পরিপন্থি দাবি করে বলেন, এতে ইসলামী উত্তরাধিকার আইন লঙ্ঘিত হতে পারে। তিনি আরও অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে ইতিপূর্বে দেওয়া সরকারি প্রতিশ্রুতির সঙ্গে এই বিলের বিধান সামঞ্জস্যপূর্ণ নয়।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬







