এশিয়া

পূর্ব চীন সাগরে চীনা গোয়েন্দা বিমান: টানা চার দিন যুদ্ধবিমান মোতায়েন জাপানের

যুদ্ধবিমান

টোকিও, ৭ সেপ্টেম্বর – পূর্ব চীন সাগরে চীনের গোয়েন্দা বিমান শনাক্ত হওয়ার প্রেক্ষিতে টানা চার দিন ধরে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান। সোমবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট স্টাফ এই তথ্য নিশ্চিত করেছে। কিয়োডো নিউজের এক প্রতিবেদনে এই ঘটনা জানানো হয়েছে।

জাপানের জয়েন্ট স্টাফের দেওয়া তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশসীমার কাছাকাছি চীনের ওয়াই ৯ গোয়েন্দা বিমান দেখা গেছে। এই বিমানগুলো কিউশু দ্বীপের পশ্চিমে অবস্থিত দানজো দ্বীপপুঞ্জ এবং ওকিনাওয়ার প্রধান দ্বীপের নিকটবর্তী পূর্ব চীন সাগরের ওপর দিয়ে চলাচল করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, বিমানগুলো চীনের মূল ভূখণ্ডের দিক থেকে এসেছিল। তবে কোনো বিমানই জাপানের আকাশসীমায় সরাসরি প্রবেশ করেনি। চীনা বিমানের গতিবিধি পর্যবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স তাদের যুদ্ধবিমান পাঠিয়ে সতর্কতা জারি করে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ অর্থবছরে জাপান এখন পর্যন্ত মোট ৫৯৫ বার তাদের যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে চীনা বিমানের গতিবিধির প্রতিক্রিয়ায় ৩৬৬ বার বিমান পাঠানো হয়েছে যা মোট মোতায়েনের প্রায় ৬০ শতাংশ। টোকিও ও বেইজিংয়ের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটল। তবে এই বিষয়ে চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button