আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু, বেড়েছে প্রাণহানি

ঢাকা, ৭ সেপ্টেম্বর – বিদায়ী আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী গত মাসে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬৪ জন।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন যেখানে জুলাই মাসে এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৪১ জন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ। ৯টি জাতীয় দৈনিক ১৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার এই প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয় সড়কের পাশাপাশি নৌপথেও দুর্ঘটনা ঘটেছে। আগস্টে সাতটি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। একই সময়ে ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এখানে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন এবং রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি এবং চালকদের অসচেতনতাকে দায়ী করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোড সেফটি ফাউন্ডেশন ১২ দফা সুপারিশ পেশ করেছে যার মধ্যে এনআরএসসি পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর নজরদারি অন্যতম।
এনএন/ ৭ সেপ্টেম্বর ২০২৬







