লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

বৈরুত, ৭ সেপ্টেম্বর – দক্ষিণ লেবাননের দেইর আল জহরানি এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানায়, হিজবুল্লাহর ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী এই কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
যেকোনো ধরনের প্রাণহানি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু অঞ্চল খালি করার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিমান হামলার কিছুক্ষণ পরেই হিজবুল্লাহর মালিকানাধীন আল মানার টেলিভিশন নিশ্চিত করে যে, দেইর আল জহরানি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আক্রমণ চালানো হয়েছে।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬







